অর্পিতা মুখার্জী, কলকাতা: জেলবন্দি স্বামীর প্রাণহানির আশঙ্কা নিয়ে আদালতে গিয়েছিলেন সুস্মিতা রায়। সঙ্গে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার কলকাতা হাই কোর্ট সুমিতের স্ত্রীয়ের দ্রুত শুনানির আবেদনে সাড়া দিল না। বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, যে বিষয়টি সাধারণ নিয়ম মেনেই শুনবে আদালত।
শালবনির জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ধৃত সুমিত রায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহকারী হিসেবে পরিচিত। গ্রেফতার হওয়ার পর আগাম জামিন চেয়ে প্রথমে হাই কোর্ট, পরে সুপ্রিম কোর্টে গিয়েও সুবিধা করতে পারেননি সুমিত। শেষ পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেফতার করে। এখন তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। গ্রেফতারি ও জামিন নিয়ে তাঁর আলাদা আবেদনও অবকাশকালীন বেঞ্চে আটকে গিয়েছিল।
এবার মাঠে নামলেন তাঁর স্ত্রী। সুস্মিতার দাবি, ডায়মন্ড হারবারের পার্টি অফিস থেকে পাওয়া ১ কোটিরও বেশি টাকার সঙ্গে সুমিতের কোনও যোগ নেই। পুলিশের দাবি, জেরায় সুমিতের কাছ থেকেই টাকার খবর মিলেছে। স্ত্রীর পাল্টা দাবি, সুমিতকে জড়াতেই পুরো ঘটনা সাজানো। জেরার সময় স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছে বলেও অভিযোগ করেছেন সুস্মিতা। তাঁর আশঙ্কা, জোর করে স্বীকারোক্তি আদায় করে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে সুমিতকে। এমনকি এনকাউন্টারের সম্ভাবনার কথাও তুলেছেন তিনি।
এই পরিস্থিতিতে ডায়মন্ড হারবারে টাকা উদ্ধারের ঘটনার তদন্ত কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে করানোর দাবি তুলেছেন সুস্মিতা। বিকল্প হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সিট গঠনের কথাও বলেছেন। মামলা দায়েরের অনুমতি আগেই মিলেছিল। তবে দ্রুত শুনানির আর্জি খারিজ হওয়ায় এখন অপেক্ষা করতে হবে নিয়মিত বেঞ্চের শুনানির জন্য।