নিজস্ব সংবাদদাতা, কলকাতা : ২০২৭ সালের ICSE (দশম শ্রেণি) এবং ISC (দ্বাদশ শ্রেণি) বোর্ড পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস বা CISCE। মঙ্গলবার এই পরীক্ষার সূচি প্রকাশের সঙ্গে সঙ্গেই আগামী বছরের বোর্ড পরীক্ষার প্রস্তুতিতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে পরীক্ষার্থী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে।
বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, ISC অর্থাৎ দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে ৮ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে, ICSE অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। শেষ হবে ৩১ মার্চ।
CISCE সূত্রে জানা গিয়েছে, ২০২৭ সালের দুই বোর্ড পরীক্ষায় মোট ৩ লক্ষ ৭৯ হাজার ৯৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ICSE পরীক্ষায় বসবে প্রায় ২ লক্ষ ৭০ হাজার পড়ুয়া। তারা দেশের ৩১০৬টি অনুমোদিত স্কুলের ছাত্রছাত্রী। অন্যদিকে, ISC পরীক্ষায় অংশ নেবে ১ লক্ষ ১০ হাজার ২৫ জন পরীক্ষার্থী। এই পরীক্ষা হবে ১৬৫১টি স্কুলের পড়ুয়াদের নিয়ে। এবারের পরীক্ষায় ICSE-র জন্য মোট ৭৬টি বিষয় এবং ISC-র জন্য ৬০টি বিষয় নির্ধারিত হয়েছে। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রেও পরীক্ষা নেওয়া হবে।
এদিকে, ২০২৭ সালের ICSE পরীক্ষার সময়সূচিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বোর্ড। আগে যেখানে সকাল ১০টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র পড়ার সময় এবং ১১টায় উত্তর লেখার সময় শুরু হত, এবার তা এগিয়ে আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সকাল ১০টায় প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে এবং ১০টা ১৫ মিনিট থেকে শুরু হবে উত্তর লেখা। পরীক্ষার্থীদের সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে নির্দিষ্ট পরীক্ষাকক্ষে উপস্থিত থাকতে হবে।
অন্যদিকে, ISC পরীক্ষার ক্ষেত্রে সকাল ও দুপুর—দুই পর্যায়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি ও অন্যান্য নির্দেশিকা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। তাই পরীক্ষার্থীদের এখন থেকেই নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ICSE পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে উত্তরপ্রদেশের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্য থেকে ৪৬ হাজার ৫২১ জন পরীক্ষার্থী দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসবে। ISC পরীক্ষাতেও পশ্চিমবঙ্গের পড়ুয়াদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। এ রাজ্য থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশ নেবে ৩০ হাজার ২৩৫ জন।
সব মিলিয়ে, ২০২৭ সালের বোর্ড পরীক্ষার দিনক্ষণ ঘোষণার মধ্য দিয়ে পরীক্ষার প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেল। এখন পরীক্ষার্থীদের লক্ষ্য, নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ্যসূচি শেষ করে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার হলে পৌঁছনো।