কোন ভাঙনের চরে
রাজনীতিকে আশ্রয় করে বহুজনের বহু কীর্তিতে রঙিন এখন বাংলার চালচিত্র। তার সর্বশেষ দৃশ্যে এখন পরেশরাম দাস। আস্ত একটা নদীর চর দখল করে বানিয়ে ফেলেছেন সুদৃশ্য বৃদ্ধাশ্রম। যদিও তাঁর বিরোধী শিবিরের বক্তব্য অন্যরকম। তাঁরা আওয়াজ তুলেছেন, বৃদ্ধাশ্রমের আড়ালে আসলে এটা একটা প্রমোদ ভবন। রাজ্যের পালা বদলের পর এই নিয়ে কোমর বেঁধে নামে শাসকদল। তাদের অভিযোগ, মাতলা নদীর চরে পরেশরামের তৈরি ‘চাঁদমুনি সেবাশ্রম’ অবৈধ! শুধু তা-ই নয়, এই আশ্রম বেআইনি ভাবে তৈরি হয়েছে বলেও তাদের দাবি! শুধু বেআইনি ভাবে তৈরিই নয়, বৃদ্ধাশ্রমের নামে রিসোর্ট তৈরি করা হয়েছে। সেখানে নানা ‘অবৈধ’ কাজকর্মও নাকি হয়ে থাকে। বিজেপির তোলা এই অভিযোগে শোরগোল পড়ে যায়। নদীর চরের সরকারি জায়গায় কী ভাবে বৃদ্ধাশ্রম তৈরি হল, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিভিন্ন প্রশাসনিক মহলে লিখিত অভিযোগের ভিত্তিতে মহকুমা শাসকের নির্দেশে ভূমি ও ভূমি সংস্কার দফতরও তৎপর হয়। এরপর বেরিয়ে আসে নানান কীর্তির কথা। অভিযোগ প্রামাণিত না হলে এই নিয়ে দড়িটানাটানি করা ঠিক হবে না। কিন্তু, এরসঙ্গে ইদানিং যে ভাবে রাজনীতি জড়িয়ে যাচ্ছে তা অনেকসময় অপরাধকে নিস্প্রভ করে। এ নিয়েও রাজনীতির নানা মুনির নানা মত। অনেকটা এমন দলে ভেড়ো, নাহলে জেলে যাও। প্রশ্ন হল, এরমধ্য দিয়ে কি সামাজিক শুদ্ধিকরণের কোনো সম্ভাবনা কি আছে ? নাকি সবই চলছে রাজনৈতিক হিসেব নিকেষে। দেশ জুড়েই তো একই ছবি। যা হচ্ছে দেখা যাচ্ছে, কি হল তার কোনো আভাসও মেলে না। যেভাবে নোটবন্দী গেছে, যেভাবে হাপিস হয়ে গেল তারাতলাকাণ্ড। বাংলার দল ভাঙনের নেপথ্যে নাকি এরকমই এক রহস্যময় সমীকরণ রয়েছে। নিন্দুকেরা যাই বলুক, এটা তো সত্যি পালাবদল কিংবা পরিবর্তন পোস্টার থেকে বেরোতে পারল না। ফলে সেই ট্রেডিশন সমানে চলছে।