ওঙ্কার ডেস্ক: ইউনুস জমানায় বাংলাদেশে ধারাবাহিক ভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছেই। সেই তালিকায় এবার নতুন সংযোজন এক হিন্দু শিক্ষক। বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামে ওই হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে ওই শিক্ষকের পরিবার ও আত্মীয়দের মধ্যে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, যে হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ওই শিক্ষকের নাম বীরেন্দ্র কুমার দে। তিনি একটি স্কুলে পড়ান। সম্প্রতি তাঁর বাড়িতে চড়াও হয়ে আগুন লাগিয়ে দেয় উগ্রপন্থীরা। সেই হামলার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ওই শিক্ষকের পরিবারের সদস্যরা ভয়ে পালানোর চেষ্টা করছেন। আর বাড়িটি দাউ দাউ করে জ্বলছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় দুর্বৃত্তরা আরেক হিন্দু ব্যক্তিকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে খুন করেছে। সোমবার বাংলাদেশের জগৎপুর গ্রামের একটি ফসলের খেত থেকে ২৭ বছর বয়সী অটোরিকশা চালক সমীর দাসের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, সমীর রবিবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। গভীর রাতেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মাঠ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
