অর্পিতা মুখার্জী, কলকাতা: নেপালে হিমালয়ের কোলে বড়সড় দুর্ঘটনা। এভারেস্ট বেসক্যাম্পের কাছেই দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ভারতীয় পর্যটকের। আহত হয়েছেন আরও একজন। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মৃত পর্যটকের নাম বসন্তকুমার বলরামরামাদু।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সোয়া আটটা নাগাদ, নেপালের স্থানীয় সময় অনুযায়ী। সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় একই সময়ে অবতরণের চেষ্টা করছিল দুটি কপ্টার, তখনই সংঘর্ষ হয়। দুর্ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়ের কোলে নামার সময় ধাক্কা লেগে ছিটকে পড়ছে দুটি কপ্টার।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত কপ্টার দুটি এয়ার ডায়নাস্টি এবং ফিশটেল এয়ার সংস্থার। দুর্ঘটনাস্থলটি কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে এবং এভারেস্ট বেসক্যাম্প থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। পুলিশ জানিয়েছে, মৃত ভারতীয় পর্যটক ফিশটেল এয়ারের কপ্টারে ছিলেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুটি কপ্টারে মোট কতজন ছিলেন তা এখনও স্পষ্ট নয়। আহত ব্যক্তিকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে নেপাল পুলিশ।
উল্লেখ্য, ফেরিচে এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩৭১ মিটার উঁচুতে অবস্থিত এবং মূলত শেরপা অধ্যুষিত। এখান থেকেই বহু পর্যটক এভারেস্ট বেসক্যাম্পের উদ্দেশে যাত্রা শুরু করেন। নেপালে উঁচু এলাকায় পর্যটক পরিবহণ, উদ্ধারকাজ এবং জরুরি সামগ্রী পৌঁছে দিতে ছোট হেলিকপ্টার ব্যবহার করা হয়, তবে আবহাওয়া দ্রুত বদলে যাওয়ায় হিমালয়ের কোলে কপ্টার চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।