ওঙ্কার ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে নতুন দলের আগমণ। ২৬ এর বিধানসভা ভোটের আগে নতুন দলের নাম ঘোষণা করছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করার কথা। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, নতুন দলের নাম হতে চলেছে জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন নিজে অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত স্পিকটি নট হয়েই রয়েছেন।
হুমায়ুন আগেই জানিয়েছিলেন, নতুন দলের নামে কংগ্রেস কিংবা তৃণমূল কোনও শব্দ রাখতে চান না। কারণ হিসেবে তিনি বলেছিলেন, ‘মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সম্পূর্ণ বর্জন করেছে। তৃণমূলকে ছুড়ে ফেলার অপেক্ষায় রয়েছে। আমজনতার পার্টি হবে আমার দল’।
নতুন দলের প্রতীক কী হতে পারে, তারও ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন। ২০১৬ সালে নির্দল হিসাবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন। হুমায়ুন জানিয়েছেন, নতুন দলের প্রতীক হিসাবে টেবিলই তাঁর প্রথম পছন্দ। তা না হলে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন তিনি। সেটাও না হলে অন্য কিছু ভাববেন।
সকলের জন্য এই নতুন দলের দ্বার খোলা বলে জানিয়েছেন হুমায়ুন। তার দাবি, লাখ লাখ মানুষের জমায়েত হবে দল ঘোষণার অনুষ্ঠানে। মূল মঞ্চে ৯০ জন থাকবেন। ভিআইপিরাও থাকবেন। তিনি রাজ্য জুড়ে কমিটি তৈরির কথা বলেছেন। জানিয়েছেন যে বিধানসভা নির্বাচনে অন্তত ৯০টি আসনে জিতবে তাঁর দল। সোমবার নতুন দলের ৫ প্রার্থীর নাম ঘোষণা করার কথা। সরকার গঠনে নির্ণায়ক শক্তি তিনিই হবেন। হুমায়ুনের নতুন দল আপাতত চারা গাছ। বৃক্ষ হবে কি না সময় বলবে। হুমায়ুনের স্বপ্ন পূরণ হবে কী না তা ভোটের পর জানা যাবে।
