ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি ক্ষেত্রের একটি দরগার ছাদ ভেঙে পড়ে বিপর্যয়। মৃত্যু হল অন্তত পাঁচ জনের। ধ্বংসস্তূপের নীচে এখনও চাপা পড়ে থাকার আশঙ্কা অনেকের। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় দিল্লির নিজামুদ্দিন এলাকায় ওই দরগার ছাদের কিছু অংশ ভেঙে পড়ে। সেই সময় তার ভিতরে থাকা পাঁচ জনের মৃত্যু হয়। দরগা শরিফ পাট্টে শাহ ভবনটি ১৬ শতকের প্রাচীন ধর্মীয় কাঠামো। এখানেই বাগানের ভেতরে রয়েছে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গিয়েছে, একটি খোলা জায়গার চার পাশে একটি ছোট ভবন রয়েছে। ভবনের একপাশের ছাদ ধসে পড়েছে দেখা যাচ্ছে। উদ্ধারকর্মীরা ঘটনার পর দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।
অসমর্থিত সূত্রে খবর, প্রায় ২৫ থেকে ৩০ বছরের পুরনো ছাদটি ধসে পড়ার সময় ভবনটির ভেতরে অন্তত ১৫ থেকে ২০ জন ছিলেন। যার মধ্যে ইমামও ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে। শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি ছিল। আর এদিন ছুটি থাকায় পর্যটকদের ভিড়ও ছিল। সমাধিক্ষেত্রের অন্দরে অনেক পর্যটক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর সেখানে পৌঁছয় দমকলের পাঁচটি বাহিনী। তারা উদ্ধারকাজ শুরু করেছে। উল্লেখ্য, দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিক্ষেত্র ইউনেস্কোর ‘হেরিটেজ স্থাপত্যে’র তালিকায় রয়েছে।
