ওঙ্কার ডেস্ক: হায়দরাবাদে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হল ২৯ বছর বয়সী এক তরুণীর দেহ। মৃত মহিলা সফটওয়্যার কর্মী হিসেবে কর্মরত ছিলেন। রবিবার ভোরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর আগে এক সহকর্মীকে ভিডিও কল করেছিলেন বলে জানা গিয়েছে, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন বলেও অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম অর্চনা চৌধুরী মালিক। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। হায়দরাবাদের মাইন্ডস্পেস আইটি করিডরের একটি সফটওয়্যার সংস্থায় কাজ করতেন। রবিবার রাত আড়াইটে নাগাদ এক সহকর্মীকে ভিডিও কল করেন অর্চনা। ওই সময় সেই সহকর্মী হায়দরাবাদের বাইরে তাঁর মায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। অভিযোগ, ভিডিও কলে বিয়ে না করলে নিজের জীবন শেষ করে দেওয়ার হুমকি দেন অর্চনা।
পুলিশের দাবি, এরপর ওই সহকর্মী বারবার অর্চনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু কোনও সাড়া পাননি। ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিনি অর্চনার ফ্ল্যাটে পৌঁছন। সেখানে গিয়ে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দরজা ভেঙে ভিতরে ঢুকে অর্চনার দেহ উদ্ধার করা হয়। মাধাপুর থানার পুলিশ জানিয়েছে, ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে প্রমাণ সংগ্রহ করছে। পরে অর্চনার দেহ ময়নাতদন্তের জন্য ওসমানিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তরুণীর মৃত্যুর আগে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সহকর্মীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।