ওঙ্কার ডেস্ক: গত আড়াই বছরে ৩,৯৬৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সংসদে প্রশ্নের জবাবে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। পাশাপাশি তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে সীমান্ত অরক্ষিত অবস্থায় রয়েছে ৫৬৯ কিলোমিটার।
বিজেপি সাংসদ শম্ভুশরণ পটেল এবং নীরজ শেখর প্তশ্ন করেছিলেন সীমান্তে কাঁটাতারের বেড়া রবং বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে। সেই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে ৩,৯৬৪ জন। ২০২৩ সালে বাংলাদেশ থেকে এ দেশে এসে ধরা পড়েছেন ১৫৪৭ জন; ২০২৪ সালে ধরা পড়েছে ১৬৯৪ জন। ২০২৫ সালে এখনও পর্যন্ত ধরা পড়েছেন ৭২৩ জন।
মন্ত্রী জানান বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ২২১৬.৭ কিলোমিটার। দীর্ঘ এই আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ৫৬৯ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নেই। এর মধ্যে ১১২.৭৮ কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কাঁটাতারের এই বেড়াহীন অঞ্চলের মধ্যে অনেক জায়গায় প্রকৃতিগত কারণে ও অন্যান্য কারণে বেড়া দেওয়া সম্ভব হয়নি। প্রায় ৪৫৬ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে।
