ওঙ্কার ডেস্ক: ভারতের পণ্যে চড়া হারে শুল্ক চাপানোয় মার্কিন যুক্তরাষ্ট্র ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। মঙ্গলবারও দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করেছেন বাণিজ্য চুক্তি নিয়ে। যা নিয়ে চলছে চর্চা। এই আবহে ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন আশা প্রকাশ করলেন, নয়াদিল্লির পণ্যে চাপানো ওয়াশিংটনের শুল্ক চলতি বছরেই কমতে পারে।
বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভি অনন্ত নাগেশ্বরন। সেই অনুষ্ঠান মঞ্চে ভাষণ দেওয়ার সময় দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা জানান, আগামী ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শুল্ক-সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তিনি বলেন, ‘নয়াদিল্লি-ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে। ভারতীয় পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের চাপানো শুল্কের বিষয়ে আগামী থেকে ১০ সপ্তাহের মধ্যে সমাধান দেখা যাবে।’ মঙ্গলবারের ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া বৈঠক ইতিবাচক হয়েছিল বলে দাবি করেছিল দুই দেশ। বৈঠকে শেষে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, ‘১৬ সেপ্টেম্বর দিল্লিতে ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আগামী পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে।’
উল্লেখ্য, ভারতের উপর মোট ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। যার মধ্যে ২৫ শতাংশ শুধু রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে চাপানো হয়েছে। শুল্ক আরোপের পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়।
