ওঙ্কার ডেস্ক: মার্কিন মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের মধ্যে শান্তিচুক্তিকে স্বাগত জানাল ভারত। এই চুক্তির ফলে গাজায় বন্দিদেরও মুক্তি দেওয়া হবে এবং অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে পর্যায়ক্রমে ইজরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে ট্রাম্প এবং নেতানিয়াহু এই বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এটি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দৃঢ় নেতৃত্বের প্রতিফলন। মোদীর মত, এর ফলে আশা করা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের চুক্তিকে স্বাগত জানাই। এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় নেতৃত্বেরও প্রতিফলন। আমরা আশা করি বন্দিদের মুক্তি এবং গাজার জনগণের জন্য বর্ধিত মানবিক সহায়তা তাদের জন্য স্বস্তি আনবে এবং স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে।’
অন্য দিকে শান্তিচুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সমাজ মাধ্যমে লিখেছেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি ইজরায়েল এবং হামাস উভয়েই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। এর অর্থ হল খুব শীঘ্রই সমস্ত বন্দিদের মুক্তি দেওয়া হবে এবং ইজরায়েল তাদের সেনা প্রত্যাহার করবে যা একটি শক্তিশালী, টেকসই এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ। সকল পক্ষের সঙ্গে ন্যায্য আচরণ করা হবে! এটি আরব ও মুসলিম বিশ্ব, ইজরায়েল, আশেপাশের সমস্ত দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি মহান দিন।’ নেতানিয়াহু বলেন, এটি ইজরায়েলের জন্য একটি ‘কূটনৈতিক সাফল্য’ এবং ‘জাতীয় ও নৈতিক জয়’।
