ওঙ্কার ডেস্ক: আত্মঘাতী বোমা বিস্ফোরণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান অঞ্চলে ১৩ পাক সেনার মৃত্যু হয়েছে। সেই ঘটনায় আগেই দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান গোষ্ঠী। কিন্তু তার পরেও ওই ঘটনার সঙ্গে ভারতের যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে ইসলামাবাদ। আর এ বিষয়ে এবার স্পষ্ট জবাব দিল নয়াদিল্লি। পাকিস্তানের ওই অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে জানাল ভারত।
শনিবার গভীর রাতে জারি করা এক প্রতিক্রিয়ায়, ভারতের বিদেশ মন্ত্রক পাকিস্তানের অভিযোগের নিন্দা জানিয়েছে। একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘আমরা পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি দেখেছি যে ওয়াজিরিস্তানের হামলার জন্য ভারতকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে।’ বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘আমরা এই বিবৃতিকে অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করছি।’
উল্লেখ্য, ২৮ জুন খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয়েছেন বেসামরিক নাগরিকসহ ২৪ জন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলা প্রশাসনের স্থানীয় এক আধিকারিক বলেন, ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সামরিক কনভয়ের সঙ্গে ধাক্কা দেয়। সেই বিস্ফোরণের ফলে ১৩ সেনা জওয়ান নিহত হয়েছে।’এই ঘটনা নিয়ে এক পুলিশ আধিকারিক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘বিস্ফোরণে দুটি বাড়ির ছাদও ধসে পড়েছে, আহত হয়েছে ছয় জন শিশু।’ এক প্রশাসনিক আধিকারিক বলেন, আহত চার সেনার অবস্থা আশঙ্কাজনক।
