ওঙ্কার ডেস্ক: ডিজেল বোঝাই মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মালগাড়ির অন্তত চারটি ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। যদিও বড় ধরণের বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির আগে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। গোটা ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মী ও উদ্ধারকারী দল। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিষয়টি নিয়ে চেন্নাইয়ের পুলিশ সুপার জানান, ‘উদ্ধারকারী দল দ্রুত গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’ তামিলনাড়ুর দমকল বিভাগের প্রধান সীমা আগরওয়াল এই দুর্ঘটনা নিয়ে বলেন, ‘একাধিক দল আগুন নেভাতে কাজ করেছে। যেহেতু ট্যাঙ্কারে ডিজেল ছিল তাই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ছিল।’
সূত্রের খবর, মালগাড়িটি মানালি থেকে তিরুপতি অঞ্চলের দিকে যাচ্ছিল। সেই যাত্রাপথে তিরুভাল্লুর স্টেশনের কাছে আচমকাই তাতে আগুন লেগে যায়। বিপদ এড়াতে তড়িঘড়ি রেল লাইন লাগোয়া কিছু বসতি খালি করে দেওয়া হয়।
ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রেলের তরফে জানানো হয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। অন্য দিকে রেল লাইনে থাকা মালগাড়িতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। চেন্নাইগামী ট্রেন পরিষেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। বাতিল করা হয় অন্তত আটটি ট্রেন। সেই সঙ্গে পাঁচটি ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
