ওঙ্কার ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনা ও জঙ্গিদের মধ্যে রাতভর চলেছে তীব্র গুলির লড়াই। ১ আগস্ট থেকে শুরু হওয়া ‘অপারেশন অখল’-এর নবম দিনে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হয়েছেন দুই জওয়ান ল্যান্সনায়েক প্রীতপল সিং ও সিপাই হরমিন্দর সিং। জানা গেছে, গুলিতে গুরুতর আহত হওয়ার পর তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। এছাড়া আরও দুই জওয়ান বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেনার পালটা অভিযানে এদিন খতম হয়েছে এক জঙ্গি।
সেনা সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার ঘন জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম অখলকেই ঘিরে চলছে এই বিশেষ অভিযান। গোয়েন্দা সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর মেলে ১ আগস্ট। সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে ফেলে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। তারপর থেকেই চলছে টানা তল্লাশি ও গুলির লড়াই। এই অপারেশনে এতদিনে মোট পাঁচ জঙ্গিকে হত্যা করা হয়েছে এবং দশ জওয়ান আহত হয়েছেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও পর্যটক হত্যাকাণ্ডে জড়িত তিন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। লোকসভায় এ বিষয়ে বিবৃতি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সেনা ও পুলিশের তৎপরতায় জঙ্গিরা পালাতে পারেনি এবং উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র যা পহেলগাঁওয়ে পর্যটক হত্যায় ব্যবহৃত হয়েছিল। মাত্র পাঁচ দিনের মধ্যেই ফের কুলগামে জঙ্গি দমনে বড় অভিযান শুরু হয়।
শনিবার গভীর রাতে সেনার তল্লাশি অভিযানের খবর পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা দিতে বাধ্য হয় সেনা। সেই গুলির লড়াই রাতভর অব্যাহত থাকে। সেনা সূত্রের দাবি, এলাকা এখনও পুরোপুরি সুরক্ষিত নয় এবং গুলির লড়াই শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হবে। ফলে কুলগামের অখল গ্রাম এবং আশপাশের এলাকায় পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ।
