ওঙ্কার ডেস্ক: দেশের বাইরে ঘুরতে গেলে বা কোনও প্রয়োজনে যেতে হলে পাসপোর্ট দরকার পড়ে। ভারতে পাসপোর্ট ইস্যু হওয়ার পর থেকে তার মেয়াদ থাকে ১০ বছর। কিন্তু অনেকে এই দীর্ঘ সময় হাতে পাওয়ায় রিনিউয়াল বা পুনর্নবীকরণ করতে মাথা ঘামান না। আর এর ফলে সমস্যায় পড়তে হয় তাঁদেরকে।
আগেভাগে পাসপোর্ট পুনর্নবীকরণ না করলে ঠিক কী কী সমস্যা হতে পারে?
বিশেষজ্ঞদের মতে অনেকেই একেবারে শেষ লগ্নে গিয়ে পাসপোর্টের মেয়াদ রয়েছে বলে ভিসার আবেদন করেন। কিন্তু বিশ্বের বহু দেশে রয়েছে ভিন্ন নিয়ম। সেই সমস্ত দেশে ভ্রমণ করতে গেলে পাসপোর্টের মেয়াদ শেষের সঙ্গে অতিরিক্ত ছ’মাস পর্যন্ত সময় প্রয়োজন হয়। অন্যথায় সফর বাতিল হতে পারে। এ ছাড়া পাসপোর্টে প্রয়োজনীয় সময়সীমা না থাকলে বিমানের টিকিট কাটার ক্ষেত্রেও অনুমতি পাওয়া যায় না। ‘অন অ্যারাইভ্যাল ভিসা’ দেয়, এমন দেশের ক্ষেত্রেও পাসপোর্টের তিন বা ছ’মাস মেয়াদ দেখাতে হয়। না হলে সমস্যা তৈরি হতে পারে।
বিশ্বের বহু দেশ পাসপোর্টে অন্তত দুটি পাতা খালি রয়েছে কি না তা দেখে। পাসপোর্টের মেয়াদ থাকলেও যদি পাতা না খালি থাকে তাহলে পাসপোর্ট পুনর্নবীকরণ করে নেওয়া উচিৎ। পাশাপাশি যে দেশে ভ্রমণ করতে ইচ্ছুক, সেই দেশের বিদেশনীতি সম্পর্কে জেনে নেওয়া উচিৎ বলে মত ওয়াকিবহাল মহলের। বিশেষজ্ঞদের মতে, ভারতীয়দের পাসপোর্টের ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার ১ বছর আগে পুনর্নবীকরণ করা উচিত।
