ওঙ্কার ডেস্ক : রিজার্ভেশন চার্ট তৈরিতে বদল আনতে চলেছে রেল। এত দিন ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে এই তালিকা তৈরি করা হত। সূত্রের খবর, এবার থেকে আট ঘণ্টা আগেই রিজার্ভেশন চার্ট তৈরি করা হবে। এর ফলে যাত্রীরা উপকৃত হবেন বলে দাবি। ধীরে ধীরে এই নয়া নিয়ম কার্যকর করা হবে।
সূত্রের খবর, রেল বোর্ডকে এই প্রক্রিয়া শুরু করার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার আট ঘন্টা আগে রিজার্ভেশন তালিকা তৈরি হয়ে যাবে। রেল মন্ত্রকের এক আধিকারিক জানান, এই সিদ্ধান্তের ফলে যে যাত্রীরা ওয়েটিং এ থাকেন, তাঁরা উপকৃত হবেন। বহু যাত্রী দূর থেকে শহর বা শহরতলিতে বড় স্টেশনে এসে জানতে পারেন না তাঁদের টিকিট নিশ্চিত হয়েছে কি না। বহু ক্ষেত্রে তাঁরা নিরাশ হয়ে বাড়ি ফিরে যান। নতুন পদ্ধতি চালু হলে তাঁরা আগে থেকেই নিজেদের টিকিটের বিষয়ে জানতে পারবেন। প্রয়োজনে অন্য ব্যবস্থা নিতে পারবেন।
রেল মন্ত্রক সূত্রে দাবি, রিজার্ভেশন করার ক্ষমতাও বাড়ানো হবে খুব শীঘ্রই। প্রতি মিনিটে বর্তমানে ৩২ হাজার রিজার্ভেশনের ক্ষমতা রয়েছে। এ বার থেকে তা বেড়ে ১.৫ লক্ষের বেশি হবে বলে দাবি। পাশাপাশি টিকিট নিয়ে অনুসন্ধানের ক্ষমতাও প্রতি মিনিটে ৪ লক্ষ থেকে বাড়িয়ে ৪০ লক্ষ করা হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে রেলের নয়া উদ্যোগ যাত্রী পরিষেবায় বদল আনবে বলে মনে করা হচ্ছে। এই উদ্যোগের ফলে তথ্যের স্বচ্ছতাও বাড়বে।
