ওঙ্কার ডেস্ক : ভারত তার প্রথম দেশীয় হাইড্রোজেন ফুয়েল সেল ট্রেন তৈরির মাধ্যমে উন্নত পরিবহনের ক্ষেত্রে একটি বড় মাইলফলক অর্জন করেছে, রবিবার এমনই ঘোষণা করল কেন্দ্র। এটি দেশে হাইড্রোজেন-চালিত রেল ব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশ-বান্ধব যাতায়াত ব্যবস্থার লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করা হচ্ছে।
হাইড্রোজেন-চালিত এই ট্রেনটি নর্দার্ন রেলওয়ের জিন্দ-সোনিপত রুটে চলাচল করবে এবং এটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে ভারতে ডিজাইন ও টেকনিক সংযোজন করা হয়েছে। ২,৬০০ যাত্রী বহনের ক্ষমতাসম্পন্ন এই ট্রেনটি প্রচলিত ডিজেল-চালিত রেল পরিবহনের একটি পরিচ্ছন্ন বিকল্প হিসেবে হাইড্রোজেনের সম্ভাবনাকে তুলে ধরবে বলে আশা করছে ভারতীয় রেল। প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল (PEMFC) দ্বারা চালিত এই ট্রেনটি প্রোটন-পরিবাহী পারফ্লুরোসালফোনিক অ্যাসিড (PFSA) পলিমার মেমব্রেনের মধ্য দিয়ে হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে।
এই প্রক্রিয়ায় বর্জ্য হিসেবে কেবল জলীয় বাষ্প ও তাপ উৎপন্ন হয়, যার ফলে ট্রেনটি থেকে কোনো ধোঁয়া বেরোচ্ছে না এবং পরিবেশ-বান্ধব পরিবহন মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে।
এতে বলা হয়েছে, “প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন (PEM) ফুয়েল সেল দ্বারা চালিত এই ট্রেনটি উপজাত হিসেবে কেবল জলীয় বাষ্প ও তাপ উৎপন্ন করে; ফলে এটি ডিজেলচালিত ট্রেনের একটি পরিচ্ছন্ন ও শূন্য-নির্গমন (zero-emission) বিকল্প হিসেবে কাজ করে।”
ট্রেনটির পরিচালন গতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার এবং নকশাগত সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। এর ফলে এটি কার্বন নিঃসরণ কমিয়ে আঞ্চলিক যাত্রী পরিবহনের ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম। হাইড্রোজেন-চালিত এই ট্রেনটির কার্যক্রম পরিচালনার সুবিধার্থে হরিয়ানার জিন্দ-এ একটি বিশেষ হাইড্রোজেন রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
এই প্রজেক্টে হাইড্রোজেন উৎপাদন, সংরক্ষণ, সংকোচন এবং সরবরাহের পরিকাঠামো রাখা রয়েছে, যা হাইড্রোজেন-ভিত্তিক রেল পরিষেবার জন্য একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তুলেছে। প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রেনটিতে হাইড্রোজেন লিক শনাক্তকারী যন্ত্র বসানো হয়েছে, যা অতি সামান্য ছিদ্র বা লিকও তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম। এর ফলে সম্ভাব্য বিপদ এড়ানো এবং নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হাইড্রোজেন ফুয়েল সেল ট্রেনটি ভারতীয় রেলওয়ের জন্য কেবল একটি প্রযুক্তিগত সাফল্যই নয়, বরং আরও অনেক কিছুর প্রতীক। এটি দেশে হাইড্রোজেন-চালিত রেল পরিষেবার একটি কাঠামোগত ভিত্তি স্থাপন করছে ।