স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটন টেস্ট ড্র হতেই বাড়ল সিরাজ বিতর্ক। ইনিংসে রেকর্ড ৭২০ রান করেও কোনও লাভ হল না। ওয়েলিংটন টেস্ট শেষ পর্যন্ত ড্র হল। ম্যাচের শেষ দিনে কিউইদের মাত্র ৩টি উইকেট ফেলা সম্ভব হল। নিউ জিল্যান্ডে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৯ রান থাকা অবস্থায় টেস্ট ড্র হল। জয় থেকে ভারত ৫ উইকেট দূরে থামল টিম ইন্ডিয়া। প্রসিধ কৃষ্ণা-আনশুল কাম্বোজদের ব্যর্থতায় মহম্মদ সিরাজের বাদ পড়া বিতর্ক ফের বাড়ল। কী কারণে সিরাজের মত অভিজ্ঞ, ফর্মে থাকা পেসারকে বাদ দিয়ে কৃষ্ণাকে খেলানো হল তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
ম্যাচ শেষে এই নিয়ে বলতে গিয়ে অধিনায়ক শুভমন গিল বললেন, “সিরাজ আমার খুব ভাল বন্ধু। ওকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না। ম্যাচের আগেই ওকে বিষয়টা জানিয়েছিলাম। কখনও কখনও পারফরম্যান্স ও ফর্মের দিকে নজর দিতে হয়। ভাল পারফরম্যান্স করে যে কোনও ক্রিকেটারই আবার দলে ফিরতে পারে।”ওয়েলিংটন টেস্ট ড্র হওয়া প্রসঙ্গে শুভমন গিল বলেন, “আশা করি, ক্রাইস্টচার্চে পিচে বোলারদের জন্য একটু বেশি সাহায্য থাকবে।”
দ্বিতীয় ইনিংসে হতাশ করলেন বুমরাও
প্রথম ইনিংসে আশা জাগানো পারফরম্যান্স করলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলেন না জসপ্রীত বুমরা। আজ কিউইদের যে তিনটি উইকেট পড়ল সেগুলি নিলেন প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর ও আনশুল কাম্বোজ। কনওয়েকে (৬৫) আউট করে দিনের প্রথম উইকেটটি পান ওয়াশিংটন সুন্দর। এরপর রচিন বরীন্দ্রকে ফেরান কৃষ্ণা (৩৭)। তারপর উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেল (১৫)-কে ফেরান কাম্বোজ। ১৭৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ছিল কিউইরা। কিন্তু এরপর ৪৩ ওভার অনায়াসে কাটিয়ে দেন ড্যারি মিচেল (৩৯ অপরাজিত) ও গ্লেন ফিল্পিস (২৬ অপরাজিত)। মিচেল খেলেন ১৪৬টি বল আর ফিল্পিস ১২৬টি।পরে শুভমনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অদ্ভুত যুক্তি দিয়ে বলেন, “যদি উইকেট থেকে কিছুটা সাহায্য পেতাম, তা হলে আরও কিছু ক্ষণ খেলতাম। পেসারেরা ৫০ ওভারের বেশি বল করে ফেলেছিল। ওরা ক্লান্ত হয়ে পড়েছিল। বুঝতে পারছিলাম, এই টেস্টে আর ফলাফলের সম্ভাবনা নেই। পরের টেস্টের আগে তিন দিনের বিরতি। তার মধ্যে যাত্রাও রয়েছে। তাই পেসারদের বিশ্রাম দিতে চেয়েছিলাম। সেই কারণেই ড্রয়ের সিদ্ধান্ত নিয়েছি।”