ওঙ্কার ডেস্ক: প্রাকৃতিক বিপর্যয়ের পর নেপালের পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে বড়সড় আর্থিক সহায়তার ঘোষণা করল ভারত। সোমবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর ২৪ হাজার কোটি নেপালি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার ১০৯ কোটি টাকা। বন্যা পরবর্তী পুনর্গঠনের পাশাপাশি প্রতিবেশী দেশের সামগ্রিক উন্নয়নেও এই অর্থ ব্যবহার করা হবে।
গত আগস্টে ভয়াবহ বন্যায় নেপালে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মোদি। তিনি জানান, বিপর্যয়ের ধাক্কা সামলে দেশটির পুনর্গঠন এবং ভবিষ্যতের উন্নয়নকে গতি দিতেই এই আর্থিক প্যাকেজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভারতীয় সহযোগিতায় নেপালে তৈরি হতে চলা একাধিক প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস হয়। পাশাপাশি উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে নেপালের জনকপুরধাম পর্যন্ত আন্তঃসীমান্ত যাত্রীবাহী রেল পরিষেবার সূচনা করা হয়।
উল্লেখ্য, দু’দিনের সফরে রবিবার নয়াদিল্লিতে পৌঁছন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ভারত-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করাই তাঁর এই সফরের অন্যতম উদ্দেশ্য। গত মে মাসে সীমান্ত বিবাদ মেটাতে চিন ও ব্রিটেনের ভূমিকা চেয়ে বলেন শাহের মন্তব্যের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। বর্তমান সফরকে সেই প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
বৈঠকের পর ভারত-নেপাল সম্পর্কের ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরেন নেপালের প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, হিমালয়ের মতো দৃঢ় এবং সমুদ্রের মতো বিস্তৃত দুই দেশের সম্পর্ক। প্রাকৃতিক বিপর্যয় কিংবা কঠিন পরিস্থিতিতে ভারত বরাবরই নেপালের পাশে দাঁড়িয়েছে। নির্ভরযোগ্য প্রতিবেশী হিসেবে ভারত দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং দীর্ঘদিনের সৌহার্দ্যই এই সম্পর্কের মূল ভিত্তি বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, মোদির কথায়, ভারত ও নেপালের সম্পর্ক শুধুমাত্র প্রতিবেশীসুলভ নয়। দুই দেশের মধ্যে রয়েছে আত্মীয়তার বন্ধন এবং অটুট বিশ্বাস। একে অপরের আনন্দ ও সমস্যার অংশীদার দুই দেশ। উন্নয়নের পথে ভারত-নেপাল পরস্পরের সহযোগী। কঠিন সময়েও একে অপরের পাশে থাকার অঙ্গীকার রয়েছে। নেপালের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও ভারতের সহযোগিতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দীর্ঘদিন ধরেই নেপালে পেট্রোলিয়ামজাত পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে আসছে ভারত।