ওঙ্কার ডেস্ক: নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে আইসিসি মহিলা একদিনের বিশ্বকাপ ২০২৫-এর সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল ভারতীয় মহিল ক্রিকেট দল। টুর্নামেন্টে এটি ভারতের চতুর্থ জয়, যার ফলে লিগ টেবিলের প্রথম চার দলের মধ্যে নিজেদের অবস্থান পাকাপোক্ত করল কৌরের দল।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে দেখা যায় স্মৃতি মান্দানা ও প্রতিকা রাওয়ালকে। দুই ওপেনার মিলে গড়ে তোলেন দুর্দান্ত শতরানের জুটি। স্মৃতি খেলেন ১০৯ রানের ঝকঝকে ইনিংস, আর প্রতিকার ব্যাট থেকে আসে ১২২ রানের দুর্ধর্ষ ইনিংস। তাঁদের দাপটে নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ৩ উইকেটে ৩৪০ রানের পাহাড়প্রমাণ স্কোর, যা মহিলা একদিনের বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ দলগত রান।
বড় রান তাড়া করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও ফিল্ডিংয়ে রান তুলতে হিমশিম খায় কিউই ব্যাটাধারিরা। ভারতের পক্ষে রেনুকা সিং, দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড় বল হাতে দারুণ সাফল্য পান। শেষ পর্যন্ত ৪৪ ওভারে ৮ উইকেটে ২৭১ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ফলে ৫৩ রানের ব্যবধানে জয় পায় ভারত।
এই জয়ে উচ্ছ্বাসে ভাসছে ভারতীয় শিবির। অধিনায়ক হারমনপ্রীত কৌর বলেন, “দল হিসেবে এই ম্যাচটি ছিল একেবারে নিখুঁত। ব্যাটিং, বোলিং থেকে ফিল্ডিং সব দিক থেকেই ছোটোখাটো ভুলগুলো দূর করতে পেরেছি।” বিশেষজ্ঞদের মতে, ভারতের ওপেনিং জুটি ও মাঝের ওভারে ধারাবাহিক বোলিংই এই জয়ের মূল চাবিকাঠি।
নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে গেল ভারতীয় মহিলা দলের সেমিফাইনালের স্থান। এখন সবার নজর আগামী প্রতিপক্ষের দিকে, যেখানে প্রতিদ্বন্দ্বী হতে পারে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা। সেখানেই মুখোমুখি হবে ফাইনাল ম্যাচের জন্য।
