ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে বিপাকে মোদী সরকার। দিল্লির যন্তর মন্তরে জেন-জি বিক্ষোভের মুখে দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার। এই আবহে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বাকি সদস্যদের সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে সক্রিয় হওয়ার পরামর্শ দিলেন। এই মাধ্যমটিতে রিলস ছাড়ার পাশাপাশি তরুণদের সঙ্গে মতবিনিময় করার কথাও বলেছেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্র মোদী বলেন, ‘তরুণরা মূলত ইনস্টাগ্রামেই সক্রিয় থাকে। নাগরিকদের এই অংশের সঙ্গে আমাদের সকলের সংযোগ তৈরি করা দরকার।’
যে ককরোচ জনতা পার্টি মোদী সরকারের ঘুম কেড়ে নিয়েছে, সেই সংগঠনটির ইনস্টাগ্রামে কয়েক মিলিয়ন অনুসারী রয়েছে। যা তাক লাগিয়ে দেওয়ার মতো। এই সমাজ মাধ্যমে সিজেপির তরফে তাদের কর্মসূচির বিভিন্ন ভিডিও প্রকাশ করা হয়। নিমেষে যা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। ঘটনাচক্রে সেই ইনস্টাগ্রামকেই অস্ত্র করতে বললেন মোদী। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে সরকার কী কী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সেগুলি জানিয়ে ইনস্টাগ্রামে বার্তা পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীর এই পরামর্শ।
মন্ত্রিসভার বৈঠকে মোদী জানতে চান, বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম তাঁর কতজন সহকর্মী সক্রিয় রয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রতিদিন কোটি কোটি তরুণ এই প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন।
গত ২০ জুলাই, সংসদ অভিযান করেছিল ককরোচ জনতা পার্টি। বাদল অধিবেশন চলাকালীন বিক্ষোভকারীরা যখন সংসদের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশের হামলায় বহু ছাত্রছাত্রী জখম হন। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি জানান, প্রশ্ন ফাঁসের ঘটনার দ্রুত নিষ্পত্তির জন্য ‘ফাস্ট-ট্র্যাক আদালত’ গঠন করা হবে।