ওঙ্কার ডেস্ক: বিগত কয়েকদিন ধরে সেইভাবে সূর্যের তাপ সহ্য করতে হয় নি দক্ষিণবঙ্গবাসীকে। মেঘলা আকাশই মূলত সঙ্গী হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর।
আজ শনিবারও সেই একই অবস্থা বজায় থাকবে দক্ষিণে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও হাওড়া, নদিয়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা ।
আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। কিন্তু আকাশ থাকবে মেঘলা। সেই সঙ্গে হবে বিক্ষিপ্ত বৃষ্টি।
অপরদিকে, শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আজ। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে রবিবার থেকে বুধবার পর্যন্ত পাহাড়ের উপরের দিকের জেলাগুলোতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।