ওঙ্কার ডেস্ক: গত বছর মে মাসে সামরিক সংঘাতে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। চার দিন ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত চলেছিল। তার এক বছর এখনও সম্পন্ন হয়নি। এই আবহে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি দাবি করলেন, ভারত আবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সোমবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে এই দাবি করেন তিনি।
সংসদ সদস্যদের সামনে জারদারি বলেন, ‘ভারতের নেতারা বলছেন, তাঁরা আরও একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।’ একই সঙ্গে শান্তি বজায় রাখারও আর্জি জানিয়েছেন জারদারি। নিজেকে শান্তিদূত হিসাবে তুলে ধরে জারদারি বলেন, ‘সর্বদা আমি আঞ্চলিক শান্তির পক্ষে কথা বলেছি। তাই আমি ভারতের যুদ্ধপ্রস্তুতিকে সমর্থন করছি না।’ জারদারি বলেন, ‘ভারতের উদ্দেশ্যে আমার বার্তা, যুদ্ধের ময়দান ছেড়ে আলোচনার টেবিলে আসুন। কারণ এটাই আঞ্চলিক নিরাপত্তার একমাত্র পথ।’ গত বছর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে ভারত, তা নিয়ে পাক প্রেসিডেন্ট নয়াদিল্লিকে নিশানা করে বলেন, ভারত জলসন্ত্রাস চালাচ্ছে।
উল্লেখ্য, গত বছর ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল। যে হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল। এই সন্ত্রাসী হামলায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ তোলে ভারত। পহেলগাঁও কাণ্ডের জবাবে ৭ মে অপারেশন সিঁদুর অভিযান শুরু করে ভারতের সেনাবাহিনী। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। চার দিন ধরে দুই দেশের মধ্যে সংঘাত চলার পর সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি ইসলামাবাদ।
