ওঙ্কার ডেস্ক: অশান্ত ইরানে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই আবহে সে দেশে থাকা ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দিল তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। বাণিজ্যিক বিমান-সহ যে ধরণের পরিবহন ব্যবস্থার সুবিধা রয়েছে, সেগুলির যে কোনও মাধ্যমে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে দূতাবাসটি।
২৩ ফেব্রুয়ারি জারি করা ওই পরামর্শে বলা হয়েছে, ইরানে থাকা শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী, পর্যটক-সহ সকল ভারতীয়কে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে দূতাবাসের তরফে একটি পোস্ট করে জানানো হয়েছে, ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সতর্ক থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে বিক্ষোভস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের সঙ্গে ভারতীয়দের নিয়মিত যোগাযোগ রাখার জন্য বলা হয়েছে। সংবাদ মাধ্যমের খবরের উপর ভারতীয় নাগরিকদের উপর নজর রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে পাসপোর্ট, পরিচয়পত্র-সহ ভ্রমণ এবং অভিবাসন সংক্রান্ত নথি হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য, দূতাবাসের তরফে জরুরি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২ এবং +৯৮৯৯৩২১৭৯৩৫৯। ইরানে বসবাসকারী ভারতীয় যারা এখনও দূতাবাসে রেজিস্ট্রেশন করেননি তাদেরকে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে বলা হয়েছে। ইরানে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হলে, সংশ্লিষ্ট ব্যক্তির আত্মীয় যারা ভারতে রয়েছেন তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে বলে জানানো হয়েছে।
