ওঙ্কার ডেস্ক: এক ভারতীয় বংশোদ্ভূত হীরে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল মালিতে। ৭৫ বছর বয়সী ওই ব্যবসায়ীকে অবশেষে ৪৪ কোটি টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিল অভিযুক্তরা। রিপোর্ট অনুসারে, ধীরু রমনি নামের অপহৃত ব্যবসায়ীর পরিবার অপহরণকারীদের ৪ মিলিয়ন ইউরো ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪ কোটি টাকা মুক্তিপণ দেয়। গত এপ্রিলে মালিতে তাঁকে অপহরণ করা হয়েছিল। সে দেশে একটি সোনার খনির মালিকানা অর্জন করেছিলেন। বেশ কিছুদিন ধরে সেখানে বসবাস করছিলেন।
পরিবারের দাবি, অপহরণকারীরা প্রথমে রমনির মুক্তির জন্য প্রায় ১০০ কোটি টাকা দাবি করেছিল। কিন্তু মার্কিন মুলুকে থাকা তাঁর পরিবারের সদস্যরা আলোচনার মাধ্যমে সেই অঙ্ক কমিয়ে আনতে সক্ষম হয়। রিপোর্টে বলা হয়েছে, গত সপ্তাহে পশ্চিম আফ্রিকার ওই দেশটিতে তাঁকে মুক্ত করার জন্য পরিবারটি ৪ মিলিয়ন ইউরো মুক্তিপণ দেয়। মূলত গুজরাটের আমরেলি জেলার বাসিন্দা এবং সুরাটের হীরে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন রমনি। বর্তমানে মালিতেই রয়েছেন তিনি। মুক্তির পর স্থানীয় প্রশাসন তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে, এক আধিকারিক জানিয়েছেন, ‘তাঁকে মুক্তি দেওয়া হয়েছে, তিনি বর্তমানে মালিতেই রয়েছেন। স্থানীয় পুলিশ তাঁর মুক্তি এবং গোটা পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।’ তিনি আরও জানান, রমনির মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত পরিবার নিজেরাই আলোচনা করে বিষয়টি সমাধান করেছেন। এই প্রক্রিয়ায় ভারতের কোনও সরকারি সংস্থা যুক্ত ছিল না। রমনি মূলত আমরেলি জেলার ধর গ্রামের বাসিন্দা। ১৯৮০-র দশক থেকে তিনি হীরে ব্যবসার সঙ্গে যুক্ত। পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান।