ওঙ্কার ডেস্ক: সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গোটা দেশ উত্তাল হয়েছে। মিছিলে পুলিশের দমন পীড়ন হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই আবহে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ আদালত জানিয়েছে, সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার ‘সম্পূর্ণভাবে সুনিশ্চিত’ করা হয়েছে। শুধুমাত্র বিক্ষোভ চলছে বলেই লাঠিচার্জ করা যায় না।
আরজেডি নেতা মনোজ ঝার একটি আবেদনের বিষয়ে শুনানি করছিল সোমবার সুপ্রিম কোর্ট। বিহারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে একে-৪৭-সহ বলপ্রয়োগের বিষয়টিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সুপ্রিম কোর্ট এই মামলাটিকে ২০ জুলাইয়ের ঘটনার তদন্ত চেয়ে দায়ের হওয়া অন্যান্য আবেদনের সঙ্গে যুক্ত করে। ২০ জুলাই বিক্ষোভকারী পড়ুয়াদের সংসদ অভিযানের মিছিলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করেছিল বলে অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘সংবিধানের আওতায় শান্তিপূর্ণ ও আইন অনুযায়ী বিক্ষোভের অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে। যতক্ষণ বিক্ষোভ শান্তিপূর্ণ থাকে, শুধুমাত্র বিক্ষোভ হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না।’
বিক্ষোভের সময় পুলিশ ও নিরাপত্তা বাহিনী কীভাবে পরিস্থিতি সামাল দেবে, সে বিষয়ে সারা দেশের জন্য নির্দেশিকা তৈরির বিষয়টি বিবেচনা করার ইঙ্গিত দেন বিচারপতি। আদালত জানায়, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। তা অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। শীর্ষ আদালত পুলিশ কর্মীদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের বিষয়টিও তোলে। প্রধান বিচারপতি বলেন, ‘পুলিশের বাড়াবাড়ির বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। বিক্ষোভের সময় যেসব পুলিশ কর্মী আহত হয়েছিলেন, তাঁদের কেন পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়নি, সরকারকে তার ব্যাখ্যা দিতে হবে।’ মঙ্গলবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত বেঞ্চ এই বিষয়টির শুনানি হবে।