ওঙ্কার ডেস্ক: হরমুজ প্রণালীতে মার্কিন সাবমেরিন আটক করল ইরান। ইরানের নৌবাহিনীর দাবি, আন্তর্জাতিক ওই প্রণালীর প্রবেশপথে মার্কিন সামরিক বাহিনীর একটি আধুনিক চালকবিহীন সাবমেরিন আটক করেছে তারা। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অফিসিয়াল সংবাদমাধ্যম ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে, গোয়েন্দা অভিযানের মাধ্যমে তারা ‘ডাইভ-এলডি’ নামের এই চালকবিহীন ডুবোযানটি আটক করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, সাবমেরিনটি বিশ্বের সর্বাধুনিক সাব-সারফেস প্রযুক্তিতে সজ্জিত। যে ডুবো জাহাজটি তেহরান কব্জা করেছে সেটির একটি ভিডিও-ও প্রকাশ করেছে তারা। সেপাহ নিউজের রিপোর্ট অনুসারে, আইআরজিসির আরও দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালীর ওপর দিয়ে উড়ে যাওয়া একটি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোনকে গুলি করে নামিয়েছে। এদিকে মার্কিন সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, একদিন আগে আঞ্চলিক জলসীমায় নজরদারি চালানোর সময় তাদের একটি ডুবো ড্রোন ‘যান্ত্রিক ত্রুটির’ কবলে পড়ে। তবে ইরান যে ড্রোনটি আটক করেছে সেটিই এই ড্রোন কি না, সে বিষয়ে তারা কিছু উল্লেখ করেনি। পেন্টাগনের একজন মুখপাত্র বলেন, ‘এটি চলমান অভিযানের অংশ হিসেবে আঞ্চলিক জলসীমায় নজরদারি চালাচ্ছিল। ত্রুটিপূর্ণ ড্রোনটি ছিল একটি পুরনো মডেলের; এটি কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহ করেনি এবং এতে কোনো গোপনীয় সোনার কিংবা রাডার সরঞ্জামও ছিল না।’
উল্লেখ্য সমুদ্রের বিশাল এলাকায় নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রতিপক্ষের জাহাজ ও সাবমেরিনের গতিবিধি লক্ষ্য রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নাবিক বিহীন জলযানের দিকে ঝুঁকছে। সেই লক্ষ্যে তারা বিপুল বিনিয়োগও করছে। ‘অ্যান্ডুরিল’-এর ওয়েবসাইট অনুযায়ী, ‘ডাইভ-এলডি’ ঘাঁটিতে ফিরে না এসেই টানা ১০ দিন পর্যন্ত কাজ চালাতে সক্ষম। এটি ৬,০০০ মিটার অর্থাৎ (১৯,৭০০ ফুট) গভীরে ডুব দিতে পারে।