ওঙ্কার ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিল শহরের একাধিক বড় দুর্গাপুজো কমিটি। পুজোর জন্য ঘোষিত এক লক্ষ টাকার সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বেশ কয়েকটি নামী পুজো। শুধু তাই নয়, সামাজিক দায়বদ্ধতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীর তহবিলে পাল্টা এক লক্ষ টাকা করে দেওয়ার কথাও জানিয়েছে কয়েকটি কমিটি। এই তালিকায় রয়েছে রাজডাঙা নব উদয় সংঘ, সুরুচি সংঘ এবং সমাজসেবীর মতো পরিচিত পুজো। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার একাধিক বড় পুজোও সরকারি সাহায্য প্রত্যাখ্যান করার কথা জানিয়েছে।
মুখ্যমন্ত্রীর আবেদনের পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই একের পর এক পুজো কমিটির সিদ্ধান্ত সামনে আসে। সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা অগ্রণী, ত্রিধারা, সন্তোষপুর লেকপল্লি, টালা প্রত্যয়, চোরবাগান সর্বজনীন, নাকতলা উদয়ন সংঘ এবং হাতিবাগান সর্বজনীনও অনুদান না নেওয়ার কথা জানিয়েছে। এই তালিকায় রয়েছে শ্যাম স্কোয়ার সম্মিলনী, বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব এবং ফুলবাগান সর্বজনীনের নামও।
পুজোর প্রস্তুতি নিয়ে মিলনমেলায় বৈঠকে সরকারি অনুদান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, যে কমিটিগুলি অনুদান নেবে না, তাদের আলাদা করে ধন্যবাদ জানানো হবে।তবে সরকারি সাহায্য নিতে আগ্রহী পুজো কমিটিগুলিকে স্থানীয় থানার মাধ্যমে আবেদন করার কথাও বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর দ্রুত সিদ্ধান্ত নেয় সন্তোষ মিত্র স্কোয়ার। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অনুদান প্রত্যাখ্যানের কথা জানায় মধ্য কলকাতার এই পুজো কমিটি। পুজোর অন্যতম কর্ণধার তথা বিধায়ক সজল ঘোষ বলেন, তাঁদের পুজো আগেও সরকারি অনুদান নেয়নি। তাঁর দাবি, অনুদান প্রত্যাখ্যান করায় আগের সরকারের আমলে তাঁদের নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছিল। এবারও সেই অবস্থানেই তাঁরা থাকছেন।