ওঙ্কার ডেস্ক: ‘গেরুয়া সম্মান যাত্রা’য় বুধবার সাধারণ মানুষের সঙ্গে পা মেলাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর ৩টেয় গোলপার্ক থেকে মিছিল শুরু হওয়ার কথা। মিছিল যাবে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত। আর এই কর্মসূচির কারণে সাময়িকভাবে বন্ধ থাকবে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড। মুখ্যমন্ত্রীর এই পদযাত্রার কথা প্রকাশ্যে আসতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিন বিকেল ৪টেয় চারটি মূল গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যদিও কী কারণে এই পদক্ষেপ তা জানানো হয়নি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ নম্বর গেট দিয়েই ক্যাম্পাসে প্রবেশ এবং বেরোনো যাবে। অন্য চারটি মূল প্রবেশপথ ওই সময় বন্ধ থাকবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক উত্তেজনা নতুন নয়। গত আগস্টে জিবি মিটিংকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। বামপন্থী ছাত্র সংগঠন এবং এবিভিপির মধ্যে সংঘর্ষের জেরে অশান্ত হয়ে ওঠে ক্যাম্পাস। পরিস্থিতি একসময় রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্যাম্পাসে আগুন জ্বলার ঘটনাও ঘটে। পরে ঘটনার প্রতিবাদে পৃথকভাবে পথে নামে বাম ছাত্র সংগঠন এবং এবিভিপি। সেই প্রতিবাদ কর্মসূচি ঘিরেও উত্তেজনা ছড়ায়। পরে বিশ্ববিদ্যালয়ের বাইরে বিজেপির তরফে সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও হয়। এবার সেই যাদবপুরেই বিজেপির কর্মসূচি ঘিরে নতুন করে তৈরি হয়েছে চর্চা। বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ রাখার নেপথ্যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিরাপত্তাজনিত কারণ।