ওঙ্কার ডেস্ক: স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। বুধবার সকালে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এ ছাড়া ছিলেন বিধানসভার স্পিকার-সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক।
দীর্ঘ সময় ধরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বেই চলছিল কলকাতা হাইকোর্ট। স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। এর মধ্যেই বিষয়টি নিয়ে উদ্যোগী হয় সুপ্রিম কোর্টের কলেজিয়াম। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে ৯ ও ৩১ আগস্ট এ বিষয়ে সুপারিশ করা হয়। এরপর নিয়োগের প্রক্রিয়া এগোয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে জানান, রাষ্ট্রপতি সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এই নিয়োগে সম্মতি দিয়েছেন। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পরই নিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কলকাতা হাইকোর্টে স্থায়ী প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ায় কলকাতা প্রশাসনিক ও বিচার সংক্রান্ত কাজে গতি আসবে বলে আশা আইনজীবী মহলের। উল্লেখ্য, ১৯৯০ সালে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। দীর্ঘ আইনি জীবনে তিনি প্রায় দুই হাজারেরও বেশি মামলায় সওয়াল করেছেন। তাঁর মামলার বড় একটি অংশ ছিল শ্রমিক ইউনিয়নের হয়ে। পরবর্তী সময়ে বিভিন্ন শিল্প সংস্থা এবং বহুজাতিক প্রতিষ্ঠানের পক্ষেও আদালতে সওয়াল করেন তিনি। বিচারপতি হিসেবেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকেই এবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে কাজে লাগাবেন বিচারপতি ঘুগে।