ওঙ্কার ডেস্ক: ভারত সফর শেষ করে আবেগঘন বার্তা দিলেন লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে প্রকাশিত সেই বিদায়ী বার্তায় ভারতের বিভিন্ন শহরের অভিজ্ঞতার কথা তুলে ধরেন আর্জেন্টাইন মহাতারকা। দিল্লি, মুম্বই, হায়দরাবাদের পাশাপাশি কলকাতার নামও উল্লেখ করেন তিনি। মেসির লেখায় উঠে আসে ভারতীয় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা, ভালবাসা ও ফুটবলের প্রতি তাঁদের গভীর আবেগের কথা। তিনি লেখেন, ভারতের মানুষের ভালোবাসা তাঁকে ছুঁয়ে গেছে এবং এই দেশে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলেই তাঁর বিশ্বাস।
তবে মেসির এই বার্তার পরেই তৈরি হয় বিতর্ক। কারণ, ভারত সফরের শেষে প্রকাশিত তাঁর ধন্যবাদজ্ঞাপন ভিডিওতে কলকাতার কোনও দৃশ্য রাখা হয়নি। ভিডিওটিতে দিল্লি, মুম্বই ও হায়দরাবাদের নানা মুহূর্ত দেখা গেলেও কলকাতা অধ্যায় সম্পূর্ণ অনুপস্থিত ছিল। এই বিষয়টি নজরে আসতেই ফুটবলপ্রেমীদের একাংশের মধ্যে প্রশ্ন ও হতাশা তৈরি হয়। অনেকেই মনে করেন, লিখিত বার্তায় কলকাতার কথা থাকলেও ভিডিও থেকে এই শহরকে বাদ দেওয়ায় এক ধরনের উপেক্ষার ইঙ্গিত রয়েছে।
কলকাতায় মেসির উপস্থিতি ঘিরে যে বিশাল উন্মাদনা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে। সল্টলেক স্টেডিয়ামে মেসির এক ঝলক দেখার জন্য হাজার হাজার সমর্থক ভিড় করেছিলেন। তবে ভিড় সামলানো, নিরাপত্তা ও আয়োজন নিয়ে নানা অভিযোগ ওঠে। অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলার কারণে মেসির অনুষ্ঠান সংক্ষিপ্ত হয়ে যায় বলে জানা যায়। অনেক সমর্থক প্রত্যাশামতো তাঁকে দেখতে না পারায় ক্ষোভও প্রকাশ করেন।
এই প্রেক্ষাপটেই অনেকের ধারণা, কলকাতার অভিজ্ঞতা হয়তো মেসির কাছে প্রত্যাশিত রকম সুখকর ছিল না, যার প্রভাব তাঁর ভিডিওতে পড়েছে। যদিও মেসির লিখিত বার্তায় কলকাতার নাম থাকা থেকে স্পষ্ট, তিনি শহরটিকে সম্পূর্ণ এড়িয়ে যাননি। বরং ব্যক্তিগত বার্তায় কলকাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও আনুষ্ঠানিক ভিডিওতে সেই অংশ বাদ পড়ায় বিতর্ক দানা বাঁধে।
