ওঙ্কার ডেস্ক: এমএইচ ১৭ বিমান ধ্বংস হয়েছিল রাশিয়ার ক্ষেপণাস্ত্রেই। এমনটাই রায় দিল ইউরোপের শীর্ষ মানবাধিকার আদালত। রায়ে বলা হয়েছে রাশিয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ১৭ বিমানটিকে ‘গুলি করে ভূপাতিত করেছিল’, যার ফলে ২৮৩ জন যাত্রী এবং ১৫ জন বিমানকর্মীর মৃত্যু হয়। বুধবার ইউরোপীয় মানবাধিকার আদালতের বিচারকরা কিয়েভ এবং নেদারল্যান্ডসের আনা আরও তিনটি মামলায় রাশিয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলে ২০১৪ সালের ১৭ জুলাই ভেঙে পড়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ১৭। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাচ্ছিল। বিমানটি যখন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলের আকাশে ছিল সেই সময় ক্ষেপণাস্ত্র হানায় সেটিকে ধ্বংস করা হয়। সেই ঘটনায় মৃত্যু হয় ২৮৩ জন যাত্রী এবং ১৫ জন বিমানকর্মীর।
ইউক্রেন ও নেদারল্যান্ডসের তরফে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে মোট চারটি মামলা দায়ের করা হয়েছিল। বুধবার সেই মামলার রায় ঘোষণা করল আদালত। এই প্রথম ২০১৪ সালে মালয়েশিয়ার বিমান ধ্বংসের ঘটনায় রাশিয়াকে দোষী সাব্যস্ত করা হল। রায় শুনিয়ে আদালতের সভাপতি ম্যাটিয়াস গুয়োমার বলেন, ‘প্রমাণ থেকে স্পষ্ট যে ইচ্ছাকৃতভাবে ফ্লাইট এমএইচ ১৭-তে আঘাত হানা হয়েছিল। এটি সামরিক বিমান ছিল বলে ভুলবশত আক্রমণ করা হয়।’ এর আগে গত মে মাসে রাষ্ট্রসঙ্ঘও এমএইচ ১৭ বিমান ধ্বংসের জন্য পুতিনের দেশকে দায়ী করেছিল।
