ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে বালুচ বিদ্রোহীদের হামলায় মৃত্যু হল ১০ জন নিরাপত্তা আধিকারিকের। শনিবার নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় মৃত্যু হয়েছে ৩৭ জন বিদ্রোহীরও। বিদ্রোহ-বিধ্বস্ত দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে এটি সর্বশেষ হিংসার ঘটনা বলে জানিয়েছে ইসলামাবাদ।
বালুচিস্তানের বিদ্রোহীরা পাকিস্তানে কয়েক দশক ধরে সক্রিয়। বালুচ বিদ্রোহীদের দমন করতে ইসলামাবাদ বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছে। খনিজ সম্পদ সমৃদ্ধ এই অঞ্চলটি আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী। দেশটির দক্ষিণ-পশ্চিম এই প্রদেশে বিদ্রোহীরা সাধারণত লক্ষ্যবস্তু করে রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি নাগরিক এবং স্থানীয় নয় এমন ব্যক্তিদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্তা সংবাদ সংস্থাকে বলেন, ‘সন্ত্রাসীরা আজ সকালে ১২টিরও বেশি জায়গায় সমন্বিত হামলা চালিয়েছে।’ তিনি আরও বলেন, ‘৩৭ জন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে… দশ জন নিরাপত্তা কর্মী শহিদ হয়েছেন। আরও কয়েক জন আহত হয়েছেন।’
হামলা চালানোর পাশাপাশি প্রশাসনের এক উর্ধতন কর্তাকে অপহরণ করেছে বিদ্রোহীরা। কোয়েটার একজন কর্তা সাংবাদিকদের জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীরা নুশকি জেলার ডেপুটি কমিশনারকেও অপহরণ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ১২ জায়গায় সমন্বিত হামলা ব্যর্থ করে দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি গোটা জাতির সঙ্গে আমাদের শহিদদের জন্য গর্বিত।’ তিনি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করার জন্য ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর কথায়, ‘দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আমরা এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব।’ তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন অন্তত চারটি জেলার পুলিশ কর্তারা।
