ওঙ্কার ডেস্ক: বিদেশ বিভুঁইয়ে লিভ ইন সঙ্গীর হাতে খুন হলেন ভারতীয় তরুণী। অভিযুক্ত নিজেও একজন ব হারতীয় বলে জানা গিয়েছে। কানাডার এডমন্টনে বাড়ির মধ্যে শ্বাসরোধ করে ওই তরুণীকে খুন করা হয়েছে। নিহত ২৩ বছর বয়সী ভারতীয় তরুণীর নাম দমনপ্রীত কৌর। তিন দিন ধরে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। এডমন্টন পুলিশ জানিয়েছে, দমনপ্রীতের লিভ ইন সঙ্গী ২২ বছর বয়সী রিতিশ কুমারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
রিপোর্ট অনুসারে, দমনপ্রীত কৌর পাঞ্জাবের লুধিয়ানা জেলার সামরালা এলাকার বাসিন্দা। গোট ৯ জুলাই সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট নাগাদ (স্থানীয় সময়) এডমন্টন পুলিশ একটি ফোন পায়। এর পর ঘটনাস্থলে গিয়ে দমনপ্রীতকে অচৈতন্য ও জখম অবস্থায় উদ্ধার করে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘৯ জুলাই সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট নাগাদ সাউথ-ইস্ট শাখার টহলরত পুলিশ সিলভারবেরি এলাকার একটি বাড়িতে সন্দেহজনকভাবে জখম ও অচৈতন্য অবস্থায় থাকা এক তরুণীর বিষয়ে খবর পায়। এর পর সেখানে গিয়ে এক পুরুষকে গ্রেফতার করে।’ ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হলেও ১২ জুলাই তাঁর মৃত্যু হয়।
ময়নাতদন্তের রিপোর্টে দমনপ্রীতকে খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। ২৩ জুলাই পুলিশ মৃত্যুর কারণ প্রকাশ করে। তদন্তকারীরা জানান, শ্বাসরোধের কারণেই কৌরের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ২২ জুলাই রিতিশ কুমারকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এদিকে দমনপ্রীত কৌরের দেহ ভারতে পরিবারের কাছে ফিরিয়ে আনার জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।