ওঙ্কার ডেস্ক: কানাডার পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরের আগে কানাডার পণ্যে এই শুল্ক কোপ দিয়েছেন তিনি। কী কারণে এই শুল্ক আরোপ সে বিষয়টিও স্পষ্ট করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, কানাডা একটি বিজ্ঞাপন সম্প্রচার করার কারণে এই পদক্ষেপ। তাঁর অভিযোগ, ওই বিজ্ঞাপনে ভুয়ো প্রচার চালানো হয়েছে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা ইউএসএমসিএ চুক্তির অধীনে রয়েছে। যে চুক্তির শর্ত অনুসারে, দুই দেশের মধ্যে ৮৫ শতাংশ বাণিজ্যে কোনও শুল্ক আরোপ করা হয় না। কানাডার বাকি পণ্যের ক্ষেত্রে গত আগস্ট মাসেই ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইস্পাত, অ্যালুমিনিয়ামের মতো পণ্যে মার্কিন শুল্কের কারণে কানাডার অর্থনীতি ধাক্কা খেয়েছে। এ বার আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিন সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘রোনাল্ড রিগানের শুল্ক সংক্রান্ত ভাষণ নিয়ে একটি মিথ্যা বিজ্ঞাপন প্রচার করতে গিয়ে ধরা পড়েছে কানাডা। রিগান ফাউন্ডেশনও জানিয়েছে, এই বিজ্ঞাপনে প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্যকে বিকৃত করা হয়েছে। ওই বক্তব্য ব্যবহার করার জন্য বা সম্পাদনা করার জন্য সংগঠনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি।’
কী ছিল বিজ্ঞাপনে? সম্প্রতি কানাডায় মার্কিন শুল্কের বিরোধিতা করে সেদেশের প্রশাসন যে বিজ্ঞাপনটি প্রচার করে সেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি ভাষণের কিছু অংশ ব্যবহার করা হয়। ট্রাম্পের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে রিগানের ভাষণ ভুল ভাবে দেখানো হয়েছে। শুধু তাই নয়, রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউটও দাবি করেছে, বিজ্ঞাপনটি ভুয়ো।
