ওঙ্কার ডেস্কঃ যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান। আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে ভয় পায় না, স্পষ্ট জানাল ইরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, সেনা সজ্জা বা যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে কোনও ভাবেই তাঁদের দমিয়ে রাখা যাবে না।
রবিবার তেহরানে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী আব্বাস। সেখানেই আমেরিকার সঙ্গে ইরানের সাম্প্রতিক সমঝোতা-বৈঠক এবং তেহরানের পরমাণু পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আব্বাস জানান, সমঝোতা-বৈঠক চলছে কিন্তু তাকে আমেরিকা গুরুত্ব দিচ্ছে বলে তিনি মনে করেন না। পাশাপাশি তিনি জানান, ইরানের পরমাণু পরিকল্পনা এবং ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে আমেরিকার সঙ্গে কোনও সমঝোতার প্রশ্নই ওঠে না।
ইরানের বিদেশমন্ত্রী বলেন, ‘‘আমরা কেন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের উপর এত জোর দিচ্ছি? কেন কিছুতেই হাল ছাড়ছি না? যুদ্ধের হুঁশিয়ারিতেও কেন টলছি না? কারণ, আমরা কী করব, সেটা ঠিক করে দেওয়ার অধিকার অন্য কারও নেই। পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার সেনা মোতায়েনে আমরা একেবারেই ভয় পাই না।’’
আমেরিকার মোকাবিলার ইরান জন্য কাদের সঙ্গে হাত মেলাচ্ছে, তাও জানিয়েছেন বিদেশমন্ত্রী। আব্বাস জানিয়েছেন, সমঝোতা-বৈঠক এবং মার্কিন সেনার আনাগোনা নিয়ে চিন এবং রাশিয়ার সঙ্গে তেহরানের কথাবার্তা চলছে। এই দুই দেশকে ইরানের ‘কৌশলগত বন্ধু’ বলেও উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী।
