ওঙ্কার ডেস্ক: মধ্যরাতে মহাকাশে গুরুত্বপূর্ণ অভিযান ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর। শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় জিএসএলভি-এফ১৮ রকেট। তার পেটে ছিল ভারতের নতুন নেভিগেশন স্যাটেলাইট এনভিএস-০৩। এই উৎক্ষেপণের গুরুত্ব কেবল আরেকটি উপগ্রহ মহাকাশে পাঠানো নয়, বরং ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘নাভিক’-কে আরও শক্তিশালী করাই এই অভিযানের অন্যতম লক্ষ্য। দেশের কৌশলগত পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণেও এই স্যাটেলাইট ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই সাফল্যের কথা জানান ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। তিনি বলেন, উপগ্রহটিকে নির্ধারিত উপবৃত্তাকার কক্ষপথে নির্ভুলভাবে স্থাপন করা হয়েছে। তাঁর মতে, এই সাফল্য ভারতকে ‘এক দেশ, এক সময়’ লক্ষ্যপূরণের আরও কাছে নিয়ে যাবে। দেশীয় প্রযুক্তিতে নির্ভরযোগ্য ও অত্যন্ত নির্ভুল সময় নির্ধারণ এবং নেভিগেশন পরিষেবা গড়ে তোলার গুরুত্বও তুলে ধরেন তিনি।
স্যাটেলাইট উৎক্ষেপণের সাফল্যে ইসরোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স বার্তায় তিনি জানান, এই অভিযান ভারতের নিজস্ব উপগ্রহভিত্তিক নেভিগেশন ব্যবস্থা নাভিককে শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর বক্তব্য, উন্নত প্রযুক্তিতে তৈরি এনভিএস-০৩ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়ানোর চেষ্টাকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি, সাধারণ মানুষের উপকারে আসা নেভিগেশন পরিষেবার মানও উন্নত হবে। দেশের মহাকাশ বিজ্ঞানীদের নিষ্ঠা ও উদ্ভাবনী ক্ষমতার প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী।