ওঙ্কার ডেস্ক: এপস্টিন ফাইলে হরদীপ সিং পুরীর নাম আসার পর রাহুল গান্ধী আক্রমণ শানিয়েছিলেন। যৌন অপরাধীর সঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর ইমেলে কথা হয়েছিল বলে জানা গিয়েছে। গত ৩০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এপস্টিন সংক্রান্ত ফাইল প্রকাশ করে। যা ঘিরে গোটা দুনিয়ায় শোরগোল পড়ে যায়। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিল গেটস-সহ একাধিক প্রভাবশালীর নাম জড়ায়। সেখানে পুরীর নাম জড়ানোয় বৃহস্পতিবার রাহুল গান্ধী বিষয়টি নিয়ে সরব হন। যদিও কংগ্রেস সাংসদের অভিযোগকে খণ্ডন করেছেন পুরী। তাঁর দাবি, তিনি এপস্টিনের সঙ্গে নিজে থেকে দেখা করতে চাননি। সেটা করিয়ে দেওয়া হয়েছিল।
রিপোর্ট অনুসারে, ২০১৪ সালের ১৩ নভেম্বর এপস্টিন এবং লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যানকে মেল করেন হরদীপ সিং পুরী। ২০১৫ সালের ডিসেম্বরে পুরীর একটি একটি মেল ফরোয়ার্ড করেন এপস্টিন। সেখানে নরওয়ের কূটনীতিক তেরিয়ে লারসেনের সঙ্গে দেখা করার জন্য সময় বের করার কথা বলা হয়েছিল।
পুরী জানান, এপস্টিনের সঙ্গে কয়েক বার সাক্ষাৎ হয়েছিল তাঁর। সেই সাক্ষাৎ একটি প্রতিনিধিদলের অংশ হিসাবে বলে দাবি করেছিলেন তিনি। এপস্টিনের সঙ্গে তাঁর সাক্ষাৎ সম্পূর্ণ পেশাগত এবং ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট-এর একটি প্রতিনিধিদলের অংশ হিসাবে বলে জানান তিনি। পুরী বলেন, ‘আমি আইপিআই-এর অধীনে একটি কমিশনের অংশ হিসাবে এপস্টিনের সঙ্গে দেখা করেছি। আমার তৎকালীন বস তেরিয়ে রড লার্সেন এপস্টিনকে চিনতেন। আমি ৩-৪ বার তাঁর সঙ্গে দেখা করেছি।’
