ওঙ্কার ডেস্ক: তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে, এমন সন্দেহ করে নিজের প্রেমিকা এবং তার বান্ধবীকে খুন করে দিল এক যুবক। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে গিরিডিতে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম শ্রীকান্ত চৌধুরী। ঝাড়খণ্ডের গিরিডি জেলার গাওয়ান থানা এলাকার মহতপুরের বাসিন্দা। ২৫ বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তার প্রেমিকার অন্য কারো সঙ্গে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করেছিল সে, আর সেই সন্দেহের বশে প্রেমিকাকে খুন করে দেয় অভিযুক্ত। সেই ঘটনা দেখায় আরেক মহিলাকেও খুন করেছে শ্রীকান্ত। জানা গিয়েছে, শুক্রবার দুই মহিলা নিখোঁজ হওয়ার পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ সোমবার গাওয়ান থানা এলাকার মহতপুরের বাসিন্দা শ্রীকান্ত চৌধুরীকে আটক করে। খরি মহুয়ার এসডিপিও রাজেন্দ্র প্রসাদ সংবাদ মাধ্যমকে জানান, ‘জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত দুই মহিলাকে খুনের কথা স্বীকার করেছে। মৃতদেহ যে জায়গায় লুকিয়ে রেখেছিল সে সেটি পুলিশকে দেখিয়েছে। তিনি আরও বলেন, গভীর রাতে চরখি নিমাদিহ বন থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে।
ওই পুলিশ আধিকারিক আরও জানান, ‘অভিযুক্ত স্বীকার করেছে যে সে দুই মহিলার মধ্যে এক জনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল। তার সন্দেহ ছিল মেয়েটি অন্য এক জন যুবকের সঙ্গে সম্পর্ক রেখেছিল। দেখা করার জন্য মহিলাটিকে জঙ্গলে ডেকেছিল অভিযুক্ত, কিন্তু সে অন্য এক বান্ধবীকে সঙ্গে নিয়ে এসেছিল।’ তাঁর আরও সংযোজন, ‘চৌধুরী প্রথমে তার প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করে এবং প্রত্যক্ষদর্শী অন্য মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। আমরা দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য গিরিডি সদর হাসপাতালে পাঠিয়েছি।’
