ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ এবং তাঁদের বদলির বিষয়ে শেষ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী শীর্ষ আদালতের কলেজিয়াম। হাইকোর্টের ক্ষেত্রেও কলেজিয়াম শেষ সিদ্ধান্ত নেয়। কিন্তু কলেজিয়ামের সিদ্ধান্তে অনেক সময় সরকারের তরফে হস্তক্ষেপ করা হয় বলে অভিযোগ ওঠে। অর্থাৎ সরকারের পরামর্শ মেনে অনেক সময় সিদ্ধান্ত বদল করে কলেজিয়াম। সম্প্রতি বিচারপতি অতুল শ্রী ধরনের বদলি নিয়ে জল্পনা শুরু হয়েছে।
প্রধান বিচারপতি বিআর গাভাই একটি মামলায় মেনে নিয়েছেন কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী অনেক সময়ে বিচারপতিদের বদলির সিদ্ধান্ত কলেজিয়াম পরিবর্তন করে। উল্লেখ্য, বিচারপতি অতুল শ্রী ধরন বর্তমানে মধ্যপ্রদেশ হাইকোর্টে কর্মরত। চলতি মাসের প্রথম দিকে কলেজিয়াম তাঁকে ছত্তিসগড় হাইকোর্টে বদলি করে। যদিও পরে গত ১৪ অক্টোবর কলেজজিয়াম সিদ্ধান্ত বদল করে। তাঁকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করার নতুন নির্দেশ জারি করা হয়। প্রসঙ্গত, এর আগেও ওই বিচারপতি এলাহাবাদ হাইকোর্টে ছিলেন। তাঁকে ফের কেন একই আদালতে বদলি করা হচ্ছে তা নিয়ে তৈরি হয় জল্পনা।
সূত্রের খবর, কলেজিয়ামের আগের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রক। বিচারপতি শ্রী ধরনকে যাতে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয় সরকারের তরফে সেই সুপারিশ করা হয় সুপ্রিম কোর্টের কলেজিয়ামকে। বিচারপতি শ্রী ধরনের বদলির নির্দেশ যে বদল করা হয়েছে সরকারের পরামর্শে তা মেনে নিয়েছেন প্রধান বিচারপতি বিআর গাভাই।
