ওঙ্কার ডেস্ক: ষষ্ঠীর ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু হল দুই যুবকের। রবিবার ভোররাতে ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ের বাবনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পুজোর সময় এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুজনের নাম রাজীব পাল ও সোমনাথ ঘোষ। দুজনেই নৈহাটির বাসিন্দা। রবিবার ভোর ৫টা নাগাদ দুই যুবক বাইকে চেপে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলেন। নৈহাটি থেকে যাত্রা শুরু করে তাঁদের গন্তব্য ছিল কলকাতা। বেপরোয়া গতির কারণে আচমকাই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর পর দুজনেই ছিটকে পড়ে যান রাস্তায়। এর ফলে গুরুতর ভাবে জখম হন দুজনেই। রক্তাক্ত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার পর দুই যুবকের পরিবারকে খবর দেওয়া হলে, আত্মীয় পরিজনরা হাসপাতালে আসেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মদ্যপ অবস্থায় ওই যুবকরা বাইক চালাচ্ছিলেন কিনা তাও দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য দুজনের মৃতদেহ পাঠানো হয়েছে। ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করেছেন তদন্তকারীরা। পাশাপাশি স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজও শুরু করেছে পুলিশ।
