নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনার দায় কলেজ কর্তৃপক্ষ কোনও ভাবে এড়িয়ে যাবে না বলে জানালেন কলেজের অধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়। ইতিমধ্যে এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।
কসবা ল কলেজের অধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় শুক্রবার বলেছেন, ‘এই ধরনের জঘন্য ঘটনার দায় কলেজ কোনও ভাবেই এড়িয়ে যাবে না। আইন অনুযায়ী যা শাস্তি হওয়া উচিত, তার ব্যবস্থা করা হবে।’ তিনি আরও জানান, গণধর্ষণের ঘটনায় মূল যে অভিযুক্ত সে ওই কলেজের অস্থায়ী কর্মী হিসাবে কর্মরত ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে এই বিষয়ে বলেছেন, এই ঘটনা নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলা হয়েছে। লিখিত ভাবে কলেজের অধ্যক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা রিপোর্টে উল্লেখ করতে হবে।
প্রসঙ্গত, সাউথ ক্যালকাটা ল কলেজে গত ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। গোটা বিষয়টি জানিয়ে নির্যাতিতা কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়।
উল্লেখ্য, গত বছরের আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের পর উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা। সেই ঘটনার পর ফের একবার কলকাতা শহরে গণ ধর্ষণের ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। কসবার ল কলেজে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে বিজেপি-সহ বিরোধী দলগুলি তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে শুরু করেছে।
