ওঙ্কার ডেস্ক: মাত্র এক মাসে পর পর পাঁচটি হুমকি চিঠি কাশ্মীরি পন্ডিতদের। যা ঘিরে উদ্বেগ বেড়েছে তাঁদের মধ্যে। অভিযোগ, জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার নামে হুমকি চিঠি দিয়ে সরাসরি চাকরি ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পিএম প্যাকেজের আওতায় উপত্যকায় কর্মরত কাশ্মীরি পণ্ডিতদেরকে টার্গেট করা হচ্ছে। জঙ্গি গোষ্ঠীর এই হুমকির ফলে ৭ হাজার পণ্ডিতের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
রিপোর্ট অনুসারে, গত ১ সেপ্টেম্বর যে হুমকি চিঠিটি প্রকাশ্যে এসেছে, সেটি ঘিরেই সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ, পিএম প্যাকেজে কর্মরত কাশ্মীরি পণ্ডিতদের ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই তালিকায় ফোন নম্বর, বাড়ির ঠিকানা এবং গাড়ির নম্বরের মতো তথ্য রয়েছে। প্রথমে সেগুলি ডার্ক ওয়েবে প্রকাশিত হয়। পরে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো মাধ্যমে ছড়িয়ে পড়ে। হুমকি বার্তায় চাকরি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে দেহ ব্যাগে ভরে নিজেদের এলাকায় পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারিও রয়েছে। জম্মুতে চলে গেলেও রেহাই মিলবে না বলে বার্তায় দাবি করা হয়েছে।
পণ্ডিতদের ব্যক্তিগত তথ্য কীভাবে জঙ্গিদের হাতে পৌঁছল, তা নিয়েই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।সরকারি কোনও ব্যবস্থা থেকে ডেটা ফাঁস হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। পিএম প্যাকেজের কর্মী তথা আন্দোলনকারী রাকেশ হান্ডু এই বিষয়ে তদন্ত চেয়েছেন। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালের কাছে বিষয়টি জানানো হয়েছে।