গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: তিন দিন নিখোঁজ ছিলেন বৃদ্ধ। অবশেষে ফিসারির জল উদ্ধার হল বৃদ্ধের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার ছাতুয়ার মোড় এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম নদীরাম রায় (৭০)। বাড়ি কুমড়াপাড়ার শঙ্কর ঘেরী এলাকায়। তবে কীভাবে মৃত্যু তা এখনও স্পষ্ট না। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ছাতুয়ার মোড়ের কাছে ওই ফিসারির ধারে বৃদ্ধের দেহ ভাসতে দেখেন এক স্থানীয় বাসিন্দা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। অন্যদিকে খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পরে মৃতদেহটি নদীরাম রায়ের বলে শনাক্ত করা হয়।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় নদীরাম রায়ের একটি ফিসারি ছিল। পাশাপাশি তাঁর স্নায়ুরোগ ছিল বলেও জানা গিয়েছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, ফিসারির জলে পড়ে ডুবে গিয়েই মৃত্যু হয়েছে বৃদ্ধের। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। তাই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে তিনি ফিসারির জলে পড়লেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।