ওঙ্কার ডেস্ক: দলাই লামার উত্তরসূরি কে হবেন তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন তিব্বতি ধর্মগুরু। এর পর থেকে বিতর্ক তৈরি হয়েছে। দলাই লামাকে হুঁশিয়ারি দিয়ে বেজিং জানিয়েছে পঞ্চদশ দলাই লামার মনোনয়নের জন্য চিনের অনুমোদন লাগবে। যদিও তাদের এই দাবি নস্যাৎ করে দিয়েছে নয়াদিল্লি।
তিব্বতি ধর্মগুরু দলাই লামা জানিয়েছিলেন, তাঁর উত্তরসূরি বাছাই করবে গাহদেন ফোড্রাং ট্রাস্ট। এই প্রক্রিয়ায় বাইরের কেউ হস্তক্ষেপ করুন তা তিনি চান না। বৃহস্পতিবার সেই কথার প্রতিধ্বনি শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর কথায়। রিজিজু বলেন, ‘যাঁরা দলাই লামার অনুসরণ করেন, তাঁরা প্রত্যেকেই জানেন, নির্ধারিত সংগঠনই তাঁর উত্তরসূরি বেছে নেবেন। তিনি এবং সেই ট্রাস্ট ছাড়া অন্য আর কারও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।’ ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছিল বেজিং। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেছিলেন, ‘শব্দ ব্যবহার ও প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত ভারতের। চিনের অভ্যন্তরণী বিষয়ে নাক গলালে তার প্রভাব দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও পড়বে।’
চিনের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কিরেন রিজিজু। ‘আমি চিনের মন্তব্যে কিছু বলতে চাই না। আমি যা বলছি তা ভক্ত হিসেবে। আমার দলাই লামার প্রতি বিশ্বাস রয়েছে। যাঁরা ওঁকে অনুসরণ করেন তাঁরা চান উনিই নিজের উত্তরসূরি বেছে নিন।’
