অর্পিতা মুখার্জী, কলকাতা: খেলতে খেলতে মুখে দিয়েছিল ভাঙা ব্লেডের টুকরো। আর তা গিলে ফেলতেই মৃত্যুর মুখে পড়েছিল দক্ষিণ ২৪ পরগনার ১০ মাসের একরত্তি। পাকস্থলীতে গিয়ে গেঁথে গিয়েছিল ধারালো ব্লেড। শেষ পর্যন্ত এসএসকেএমের শিশু শল্য বিভাগের চিকিৎসকদের দেড় ঘণ্টার লড়াইয়ে প্রাণ ফিরে পেল শিশুটি। আর এই জটিল অস্ত্রোপচারের খরচ হয়েছে মাত্র দু’টাকা!
হাসপাতাল সূত্রে খবর, বাড়িতে খেলার সময় অসাবধানতাবশত ব্লেডের টুকরো মুখে দিয়ে ফেলে শিশুটি। তা সোজা চলে যায় পাকস্থলীতে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় এসএসকেএমে। প্রথমে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চিকিৎসকরা ব্লেডটি বের করার চেষ্টা করেন। কিন্তু পাকস্থলীতে তা এমনভাবে গেঁথে গিয়েছিল যে, ওই পদ্ধতিতে বের করা সম্ভব হয়নি। তখনই মাঠে নামেন শিশু শল্য বিভাগের চিকিৎসকরা।
চিকিৎসকদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল। ধারালো ব্লেড টেনে বের করতে গেলেই খাদ্যনালীর ভিতরের অংশ কেটে যেতে পারত। এমনকী, গুরুত্বপূর্ণ অঙ্গে ছিদ্র হয়ে বড় বিপদ ঘটতে পারত। তাই অত্যন্ত সতর্কভাবে এগোতে হয় তাঁদের। শেষ পর্যন্ত শিশু শল্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সুজয় পালের নেতৃত্বে সফল হয় অস্ত্রোপচার। সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. অরিন্দম ঘোষ, ডা. বিদিশা বোস এবং রেসিডেন্ট ডা. ঋজু মণ্ডল। অ্যানাস্থেশিয়ার দায়িত্বে ছিলেন ডা. অঞ্জন চট্টোপাধ্যায়। অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ রয়েছে শিশুটি।
এই সাফল্যের পর রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে সার্জারি টিম। ডা. সুজয় পাল বলেন, সরকারি হাসপাতালে প্রান্তিক মানুষের ভিড় লেগেই থাকে। সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে নানা অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করছে বর্তমান সরকার। তার ফলেই এই ধরনের জটিল অস্ত্রোপচার সম্ভব হচ্ছে।
অভিভাবকদের উদ্দেশে ডা. পালের সতর্কবার্তা, ছোট শিশুদের হাতের নাগালে ব্লেড, ছুরি, কাঁচি, পেরেকের মতো ধারালো কোনও জিনিস রাখবেন না। ছোট শিশুরা খেলতে খেলতে অজান্তেই নানা জিনিস মুখে দেয়। তাই বাড়িতে শিশুর আশপাশে কী রয়েছে, সে বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে।