ওঙ্কার ডেস্ক: কালীপুজো ও দীপাবলির পর ছটপুজোতেও নিয়ন্ত্রণে এল না শব্দবাজির দৌরাত্ম্য। সরকারি বিধিনিষেধ অমান্য করে রাতভর বিভিন্ন এলাকায় চলল নিষিদ্ধ বাজি ফাটানো। তার জেরে ফের উদ্বেগজনক হয়ে উঠল রাজ্যের বায়ুদূষণ পরিস্থিতি। দূষণের মাত্রায় কলকাতাকেও পিছনে ফেলেছে হাওড়া। পরিসংখ্যান অনুযায়ী, রবিবার রাত ১টার মধ্যেই হাওড়ার বায়ুমান সূচক বা AQI পৌঁছে যায় ২৭৫-এ।
কলকাতার পরিস্থিতিও খুব একটা স্বস্তিদায়ক ছিল না। রাত যত বেড়েছে, শহরের বাতাসে দূষণের মাত্রাও তত বেড়েছে। সোমবার সকাল ৭টায় সল্টলেকে PM 2.5-এর মাত্রা ১৩০ ছাড়িয়ে যায়। বেলুড় মঠে এই পরিমাণ ছিল ১৬২। বারাকপুরে তা পৌঁছয় ২৩০-এ। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। তাঁদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই বিভিন্ন জায়গায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হয়েছে। পাশাপাশি চলেছে প্রচুর শব্দবাজি। দূষণের উপকরণ চারদিকে ছড়িয়ে পড়লেও তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
উল্লেখ্য, কালীপুজো ও দীপাবলির সময়ও বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক জায়গায় পৌঁছেছিল। সেই সময় দূষণের নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল হাওড়ায়। গত বছরের তুলনায় এবারের ছটপুজোতেও দূষণ বাড়তে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পরিবেশবিদরা। বাস্তবে সেই আশঙ্কাই সত্যি হয়েছে। ছটপুজো উপলক্ষে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সবুজ বাজি ফাটানোর অনুমতি দিয়েছিল প্রশাসন। নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার আটকাতে রাস্তায় নামে পুলিশ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা। বিভিন্ন জায়গায় চলে অভিযান ও ধরপাকড়। কিন্তু এত কিছুর পরেও বাজির দাপট পুরোপুরি বন্ধ করা যায়নি।
অভিযোগ, নির্ধারিত সময় শুরুর আগেই একাধিক এলাকায় বাজি ফাটানো শুরু হয়। ছটপুজো উপলক্ষে ঘাটে আসা পুণ্যার্থীদের সঙ্গে থাকা বহু যুবকও সেখানে বাজি ফাটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু ঘাট চত্বর নয়, বিভিন্ন পুকুরপাড় এবং রাস্তাতেও নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হয়েছে।