ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রদেশের সাধু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ভবানীপুর থানায় এফআইআর দায়ের করল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার কলকাতা জেলা কংগ্রেস সভাপতি মানস সরকার এই অভিযোগ দায়ের করেন।
দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদও এদিন বাগেশ্বর বাবার মন্তব্যের বিরোধিতা করেন। প্রদীপের অভিযোগ, বাংলার মাটিতে এসে বাঙালিকেই অপমান করেছেন ওই সাধু। তারই প্রতিবাদে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এফআইআরের আবেদনে বাগেশ্বর বাবার ব্যবহৃত কয়েকটি শব্দের উল্লেখ করা হয়েছে। সেখানে ‘পাখণ্ডী’ এবং ‘গন্দা গন্দা কুকিং’-এর মতো মন্তব্যের কথাও তুলে ধরা হয়েছে। এদিন অভিযোগ দায়েরের সময় ভবানীপুর থানার বাইরে জড়ো হন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। সেখানে বিক্ষোভও দেখানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরেই এই অভিযোগ দায়ের হওয়ায় রাজনৈতিক মহলে বিষয়টি আরও তাৎপর্য পেয়েছে বলে মনে করা হচ্ছে।
ঠিক কী বলেছিলেন বাগেশ্বর বাবা?
হাওড়ায় একটি ‘হনুমান কথা’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। সেখানেই দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্যের একটি অংশ নিয়ে শুরু হয় বিতর্ক। অভিযোগ, পুজোর সময়ে মাছ-মাংস খাওয়া বাঙালিদের ধর্মীয় আচরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এমন মানুষকে ‘পাখণ্ডী’ বা ভণ্ড বলেও মন্তব্য করেন বলে অভিযোগ।তাঁর এই বক্তব্য ঘিরেই শুরু হয় তীব্র রাজনৈতিক চাপানউতোর।