ওঙ্কার ডেস্ক: বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগে কংগ্রেস নেতাকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে টালিগঞ্জের বাড়ি থেকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে গ্রেফতার করা হয়। ভবানীপুর থানার পুলিশ এই পদক্ষেপ করেছে বলে কংগ্রেস সূত্রে দাবি।
এদিকে দলের নেতার গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন হাত শিবিরের নেতাকর্মীরা। তাঁদের বক্তব্য, বাগেশ্বর বাবা বাঙালিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তার প্রতিবাদ করতেই তাঁদের নেতাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য সম্প্রতি বাংলায় একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। সেই অনুষ্ঠানগুলিতে দুর্গাপুজোর সময়ে বাঙালিদের আমিষ খাওয়া নিয়ে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। পুজোয় আমিষ খাবার গ্রহণকারীদের ‘পাখণ্ডী’ বলেছিলেন তিনি। তাঁর ওই মন্তব্যের পর থেকেই বিভিন্ন মহলে প্রতিবাদ শুরু হয়। বিষয়টি নিয়ে বিজেপির অন্দরেও বিরোধিতা দেখা যায়। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য প্রকাশ্যেই ওই মন্তব্যের বিরোধিতা করেছিলেন বল। তিনি জানিয়েছিলেন, বাগেশ্বর বাবার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।
পাখন্ডী বা পাপী মন্তব্যের প্রতিবাদে ভবানীপুরে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর ছবি পোড়ায় কংগ্রেস। কলকাতার পাশাপাশি রাজ্যের অন্য জায়গাতেও প্রতিবাদ কর্মসূচি নেয় দলটি। এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার বিধানসভায় বিষয়টি নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ভবানীপুর থানার সামনে কয়েকজনকে ছবি পোড়াতে তিনি দেখেছেন। পুলিশ কমিশনারকে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। রাজ্যে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন শুভেন্দু। তার কয়েক ঘণ্টার মধ্যেই অতনু দাসকে গ্রেফতার করা হয়।