ওঙ্কার ডেস্ক: লাদাখের দাবিদাওয়া নিয়ে ফের আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। কেন্দ্রের তরফে দ্রুত কোনও কার্যকর পদক্ষেপ না করা হলে আগামী ১৯ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে বড়সড় আন্দোলনে নামার কথা জানিয়েছেন তিনি। এই কর্মসূচিতে ওয়াংচুকের সঙ্গে থাকবে লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা কেডিএ।
লাদাখের জন্য দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবিতে সরব ওয়াংচুক। তাঁর অন্যতম প্রধান দাবি, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া। ২০১৯ সালে জম্মু-কাশ্মীর থেকে পৃথক করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। এরপর থেকেই রাজনৈতিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন সেখানকার বাসিন্দাদের একাংশ। এই দাবিকে ঘিরে অতীতে আন্দোলন তীব্র আকার নিয়েছিল। সেই সময় জাতীয় নিরাপত্তা আইনে ওয়াংচুককে গ্রেফতার করা হয়েছিল। বেশ কিছুদিন তাঁকে জেলেও থাকতে হয়। পরে অবশ্য তাঁকে মুক্তি দেয় কেন্দ্র। পাশাপাশি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু লাদাখের স্থানীয় সংগঠনগুলির অভিযোগ, আলোচনা শুরু হলেও এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ দাবিগুলি নিয়ে কার্যকর অগ্রগতি হয়নি।
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে ওয়াংচুকদের সংগঠনগুলির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেটিকে চূড়ান্ত পর্যায়ের আলোচনা বলেই ধরা হয়েছিল। কিন্তু সেখানেও কোনও সমাধানসূত্র মেলেনি বলে দাবি আন্দোলনকারীদের। বৈঠকের পর ওয়াংচুক জানান, আলোচনার পরিবেশ যথেষ্ট ইতিবাচক ছিল। তবে মূল দাবিগুলি নিয়ে কেন্দ্রের তরফে নির্দিষ্ট কোনও প্রতিশ্রুতি পাওয়া যায়নি। তাঁর কথায়, আপ্যায়নে কোনও ঘাটতি ছিল না। কিন্তু আলোচনার আসল বিষয়ে কার্যকর আশ্বাস না মেলায় বিষয়টি এগোয়নি। লাদাখবাসীর দাবিগুলি ইতিমধ্যেই লিখিত আকারে কেন্দ্রের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওয়াংচুক। তাঁর স্পষ্ট বক্তব্য, ওই দাবিগুলি নিয়ে আপস করার প্রশ্ন নেই।